টেকনাফ সীমান্তে কোস্টগার্ডের টহল জোরদার

মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ নিয়ে টেকনাফ উপকূল দিয়ে যাতে রোহিঙ্গা অনুপ্রবেশ ও চোরাচালান রোধে  সীমান্তে টহল ও নিরপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার লুৎফুল লাহিল মাজিদ স্বাক্ষিরত এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সম্প্রতি মিয়ানমারের জান্তাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে অব্যাহত সংঘাত ও গোলাগুলির ঘটনায় আতঙ্কে রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী উপকূলের বাসিন্দারা। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে মানব পাচার, চোরাচালান, মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশসহ নতুনভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

এ প্রেক্ষিতে সমুদ্রে সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েনসহ টেকনাফ হতে শাহপরীর দ্বীপ পর্যন্ত দিন রাত নিয়মিত অত্যাধুনিক হাইস্পীড বোটের মাধ্যমে টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

এছাড়াও টেকনাফ, শাহপরী, বাহারছড়া ও সেন্টমার্টিনে বর্তমানে অতিরিক্ত জনবল মোতায়েন করার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় এবং দেশের মানুষের জান মালের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্ট গার্ড সদা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।