চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের একটি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। একই বিভাগের এক ছাত্রী এমন অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের উপচার্য বরাবর লিখিত দিয়েছেন।
তবে অভিযোগের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই অধ্যাপক।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন ছাত্রী। অভিযোগ পত্রে তিনি দাবি করেন, ওই অধ্যাপকের তত্ত্বাবধানে স্নাতকোত্তরের থিসিস করছেন তিনি। থিসিস শুরু হওয়ার পর থেকেই অধ্যাপক তাকে বিভিন্নভাবে যৌন হয়রানি করছেন। ৬ জানুয়ারি গবেষণাগারে তাকে একা পেয়ে ওই শিক্ষক যৌন নিপীড়ন করেন। এরপর ১৩ জানুয়ারি নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
ছাত্রীর এমন ভাবিকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন উল্লেখ করে চবি অধ্যাপক বলেন, আমি একজন বয়োজ্যেষ্ঠ অধ্যাপক। এই ছাত্রী আমার মেয়ের মতো। আমার বিরুদ্ধে তার এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অভিযোগ যদি সে প্রমাণ করতে পারে তবে আমি বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি নিয়ে পুরো দুনিয়া থেকেই চির বিদায় নেবো।
এদিকে ওই ছাত্রীর অভিযোগ গ্রহণ করেছেন উপাচার্য শিরীণ আখতার। তিনি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন নিরোধ সেলের আহ্বায়কের দায়িত্বেও আছেন। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।