সিলেট বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় আম্বরখানা-বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মেহেদী আফনান (৩২) ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আশফাকুজ্জামান (৩০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসে গিয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী আফনান ও আশফাকুজ্জামান সড়কে ছিটকে পড়েন। মাথায় আঘাত পেয়ে আফনান ঘটনাস্থলেই এবং আশফাকুজ্জামানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।