বিপিএলের চলমান আসর শুরুর আগে মাশরাফী বিন মোর্ত্তজাকে পাওয়া নিয়ে সংশয়ে ছিল সিলেট স্ট্রাইকার্স। তবে শুরুর দিন থেকেই দেখা গেছে তাকে। যদিও তার পারফরম্যান্স প্রত্যাশা মেটাতে পারেনি দলের। এখনো একটিও জয়ের মুখ দেখতে না পারা দলটি আছে পয়েন্ট তালিকার তলানিতে। এমন অবস্থায় আবার দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হয়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। আর তাই বেড়েছে ব্যস্ততা। যে কারণে টুর্নামেন্ট থেকে নিয়েছেন বিশ্রাম।
বিপিএল থেকে কিছু সময়ের জন্য বিরতি নিচ্ছেন মাশরাফী। বিরতির সময়ে হুইপ হিসেবে অর্পিত দায়িত্ব পালন করবেন। গতকাল সিলেট থেকে সরাসরি সংসদে এসে হাজিরা দেন সরকার দলীয় হুইপ। সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মাশরাফীর অবর্তমানে মোহাম্মাদ মিথুন পালন করবেন দলটির অধিনায়কের দায়িত্ব।
টানা ৫ হারে তার দলের অবস্থা যখন নাজুক, সেই সময় বিপিএল থেকে বিশ্রামে গেলেন মাশরাফী। তবে কতদিনের জন্য তাকে পাবে না সিলেট স্ট্রাইকার্স তা নিশ্চিত করা হয়নি। রাজনৈতিক দায়িত্ব ও ব্যস্ততা শেষে আবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে মাশরাফীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি প্রত্যাশা করছে শিগগিরই আবার তিনি যোগ দেবেন দলের সঙ্গে।
মাশরাফী যেদিন বিশ্রামের ঘোষণা দিলেন, সেদিন আবার ফরচুন বরিশালে শোয়েব মালিকের হলো নাটকীয় প্রত্যাবর্তনের ঘোষণা। পারিবারিক কারণ দেখিয়ে ছুটিতে যাওয়া মালিককে নিয়ে হয়েছিল নানা নাটকীয়তা। দলটির তৃতীয় ম্যাচের দিনে তিনটি নো বল করেছিলেন এই ক্রিকেটার। যাতে ফিক্সিং সন্দেহ করেছিল তারা। দলটির স্বত্বাধিকারী মিজানুর রহমানও গণমাধ্যমে করেছিলেন অভিযোগ। পরে সেটা অস্বীকার করেছিলেন। সেই মালিককে আবার ফিরিয়ে আনছে দলটি।
আগামী ২ ফেব্রুয়ারি সিলেট পর্বেই ফরচুন বরিশাল দলের সঙ্গে যোগ দেবেন মালিক। ফরচুন বরিশালের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।