সীতাকুণ্ডে দীঘিতে ডুবে একটি পিকআপ ভ্যান চালকের সহকারী নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা ৩টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন দেওয়ান দীঘিতে এ ঘটনা ঘটেছে।
প্রায় এক ঘণ্টা পর স্থানীয় কয়েক ব্যক্তি ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীঘি থেকে লাশ উদ্ধার করে। নিহতের নাম মো. বিজয় (২৬)। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারিতে।
পিকআপর চালক মো. ওসমান জানান, বিকেল ৩টার সময় মিরশ্বরাই থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সীতাকুণ্ড পৌরসদরের দেওয়ান দীঘিতে গাড়ি পরিষ্কারের জন্য পানি আনতে নামে মো. বিজয়। এ সময় ওই যুবক পা পিছলে দীঘিতে পড়ে ডুবে যায়। পরে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে ডুবুরিদল না থাকায় উদ্ধার করতে নামেনি। প্রায় এক ঘণ্টা পর স্থানীয় কয়েক যুবক ওই হেলপারকে উদ্ধার করার জন্য দীঘিতে নামে।
পরে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীও সহযোগিতায় এগিয়ে আসে। দীঘিতে নামার পাঁচ মিনিটের মধ্যে হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসলেও আমাদের সাথে ডুবুরি না থাকায় আমরা চট্টগ্রামে ডুবুরিদলকে খবর দিই। এসময় আমাদের কয়েকজন কর্মীসহ স্থানীয়রা পানিতে নেমে নিখোঁজ ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে।