জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সাত হলের ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২ ফেব্রয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। পরে একটি সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি জাহিদুজ্জামান শাকিল বলেন, ‘লিটনের বিরুদ্ধে চাঁদাবাজি, ট্রেন্ডারবাজি, জমিদখল, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও নেতাকর্মীদের সাথে খারাপ আচরণের প্রেক্ষিতে আমরা তাকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত করেছি। তিনি তার জুলুম, নিপিড়ন, স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে কলঙ্কিত করেছেন।'
এ সময় তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের সাথে সমন্বয় না করে তিনি হল কমিটি গঠন করেছেন। বিবাহিত, অছাত্র, বহিষ্কৃত এবং ক্যাম্পাসে যাদের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের পদ দিয়ে তড়িঘড়ি করে হল কমিটি গঠন করেছেন। ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে হল কমিটি গঠন করেছেন। এই ঘটনার আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। আমরা তার পদত্যাগ দাবি করছি।’
এদিকে, গত ২৩ জানুয়ারি ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় জমি দখলসহ ছয়টি অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ছয় হলের সাধারণ সম্পাদক সমর্থিত নেতাকর্মীরা।
এ ঘটনায় ২৭ জানুয়ারি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।