জাবিতে গাঁজা সেবন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটকের পর কারাদণ্ড

আপডেট : ২৩ মে ২০২৬, ০৩:৩৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এসে গাঁজা সেবনের অভিযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ‘সুইমিংপুল’ এলাকায় শুক্রবার (২২ মে) এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামার-২২ সেশনের শিক্ষার্থী আলী কারিম ও স্প্রিং-২৩ সেশনের শিক্ষার্থী খন্দকার মেহরুন নেছা সুবাহ। তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫১তম ব্যাচের দুই শিক্ষার্থীর আমন্ত্রণে ক্যাম্পাসে আসেন।

বিশ্ববিদ্যালয় জানায়, ‘সুইমিংপুল’ এলাকায় গাঁজা সেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আদালত প্রত্যেককে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এবিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা স্বাধীন বলেন, ফোনে খবর পেয়ে আমি শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের সামনে যাই। সেখানে গিয়ে অভিযুক্ত দুই ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থী এবং আমাদের ক্যাম্পাসের দুই শিক্ষার্থীকে নিরাপত্তা অফিসে নিয়ে আসি। পরে ঘটনাস্থল থেকে গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়। পরবর্তীতে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত