ওয়েব ফিল্ম ‘পয়জন’ এ তানজিন তিশা

নতুন বছরের শুরুটা ওয়েব দিয়ে করবেন বলে জানিয়েছিলেন তানজিন তিশা। করলেনও তাই। এরমধ্যে টানা দশ দিন শুটিংয়ের মধ্য দিয়ে শেষও করলেন এর কাজ। জানা গেছে, ওয়েব ফিল্মটির নাম ‘পয়জন’, যার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রীকে। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার।

গেল মাসের ২২ তারিখে ওয়েব ফিল্মটির শুরু হয়ে চলতি মাসের এক তারিখে এর ক্যামেরা ক্লোজ হয়। রাজধানীর মিরপুর, তিনশ ফিট এবং গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হয়। বাস্তব জীবনের চরম সত্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সাসপেন্স থ্রিলার ঘরানার এই ফিল্মটি। 

তানজিন তিশা দেশ রূপান্তরকে বলেন, ‘প্রথমত, দীপ্ত প্লে’র বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। তাদের কয়েকটি প্রজেক্ট করছি আমি। এরমধ্যে ‘পয়জন’ একটি। এটা একটা নারীর সার্ভাইভালের গল্প বা নারীর টিকে থাকার গল্প। একজন নারী সমাজে চলতে গিয়ে কতকিছুর মুখোমুখি হয় এবং সেগুলো কীভাবে প্রতিকার করে সেসব নিয়েই এই ওয়েব ফিল্ম।’

Tanjin Tisha-Web 2

তিনি আরও বলেন, ‘এখানে আমার যে চরিত্রটা সেটা অবশ্যই অনেক চ্যালেঞ্জিং এবং আই ট্রাইড মাই বেস্ট। এখানে আমার চরিত্রের অনেকগুলো লেয়ার দেখতে পাবে দর্শক। এখনই কিছু বলতে চাই না। তবে টিজার আসলে দর্শকরা নিজেরাই বুঝতে পারবে। সঞ্জয় দাদার সঙ্গে এর আগেও আমার বেশ কয়েকটা কাজ হয়েছে। এরকম একটা গল্প এবং চরিত্রে আমাকে সুযোগ দেওয়ার জন্য উনাকে কৃতজ্ঞতা। উনার টিমটা অনেক বেশি গোছানো যার কারণে কাজ করেও অনেক ভালো লাগে।’

সবশেষে তিশা বলেন, ‘দেশের বাইরে থাকার কারণে এবার ভালোবাসা দিবসের জন্য বিশেষ কোনো কাজ করতে পারিনি। আমি আমার দর্শকদের হতাশ করতে চাই না। বিশেষ এই দিবসের জন্য একটি কাজ থাকবে মেহেদী হাসান হৃদয়ের। এখানে আমার সঙ্গে রয়েছেন মুশফিক আর ফারহান। তাছাড়া আগের করা কিছু কাজও হয়তো আসতে পারে।’

নির্মাতা সঞ্জয় সমদ্দার দেশ রূপান্তরকে বলেন, ‘অতিরিক্ত যেকোনো কিছুই বিষের মতো। যেটাকে বলা হয়, একসেস অব এনিথিং। ‘পয়জন’ এর গল্পটিও ঠিক তেমন। একদম সাসপেন্স থ্রিলার গল্প। তিশাকে কেন্দ্র করেই পুরো গল্প।’

মামুনুর রশিদ তানিমের রচনায় ‘পয়জন’ এ আরও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ। ওয়েব ফিল্মটি শিগগিরই দীপ্ত ওটিটি প্লেতে মুক্তি পাবে বলে জানা গেছে।