মিয়ানমার থেকে আসা গুলিতে এবার বান্দরবানে একটি সিএনজিচালিত অটোরিকশার কাচ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু এলাকার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
অটোরিকশাচালক আবু তাহের বলেন, ‘তুমব্রু উত্তরপাড়ায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। এসময় হঠাৎ সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলি আওয়াজ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই অটোরিকশায় একটি গুলি এসে পড়ে। এতে বড় ধরনের ক্ষতি না হলেও গুলি লেগে অটোরিকশার সামনের বড় গ্লাসটি ভেঙে গেছে।
ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আলম জানান, বিকেল থেকে আবারও মিয়ানমার সীমান্তে গোলাগুলি আওয়াজ শোনা যাচ্ছে।
এ বিষয়ে ঘুমধুম পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বিকেলে তুমব্রু এলাকায় গুলির আওয়াজ শোনা গেছে। তবে অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না নিশ্চিত নই। তবে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।