সরকার নিজেই একটা সিন্ডিকেট: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকারের অলিগার্ক ব্যবসায়ীরা এখন ক্যারিবিয়ান পাসপোর্ট করছে দেশ থেকে পালানোর জন্য। সরকারের অলিগার্করা পালিয়ে গেলেও আওয়ামী লীগ পালানোর পথ পাবে না।’

আজ শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাগরিক নারী ঐক্যের সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে মানুষের জীবন চলছে না। সরকার কিছু করতে পারছে না। কারণ এই সরকার নিজেই সিন্ডিকেট। তারা সিন্ডিকেট ভাঙবে কিভাবে? সব চোর, বাটপারদের নিয়ে সরকার বানিয়েছে। এরা জনগণের সম্পদ লুট করবে আর বিদেশে পাচার করবে।’

তিনি বলেন, ‘আমি বার বার বলেছি, আওয়ামী লীগ সরকারের হাতে দেশ নিরাপদ নয়। সরকারের অলিগার্ক ব্যবসায়ীরা এখন ক্যারিবিয়ান পাসপোর্ট করছে দেশ থেকে পালানোর জন্য। ওদের মধ্যে ইয়ানফসি ইয়ানফসি শুরু হয়েছে। সরকারের অলিগার্করা পালিয়ে গেলেও আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। সারা পৃথিবীতে ওরা গণতন্ত্র, মানবাধিকার হরণকারী হিসেবে স্বীকৃত। কেউ তাদের জায়গা দিবে না।’

মান্না বলেন, ‘এতদিন যারা তাদের সমর্থন দিয়েছে, সেই চীন, রাশিয়াও চাপ দিতে শুরু করেছে। নতুন করে ঋণ তো দিবেই না আগের ঋণের টাকা ফেরত চাইছে। সরকারের কাছে ডলার নাই, টাকাও নাই। ব্যাংকে টাকা নাই। বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে দিচ্ছে এস আলমের ব্যাংকগুলোয়। এভাবে ওরা বেশিদিন দেশ চালাতে পারবে না। দেশকে পুরোপুরি ধ্বংস করার আগেই হাসিনা সরকারকে বিদায় করতে হবে।’

নাগরিক নারী ঐক্যের সদস্য সচিব ফেরদৌসী আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক নারী ঐক্যের আহ্বায়ক শাহনাজ রানু।