জনপ্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত কার্যকরি পদক্ষেপ নিতে হবে : সাইফুল হক

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ পিএম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন জনপ্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ নিতে হবে। বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে। কোন অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা। ঢাকা-১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তিনি। আজ শুক্রবার(৬মার্চ) বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে সাইফুল হক বলেন, জনআকাঙ্ক্ষা পূরণে জনগণ সরকারকে যৌক্তিক সময় দেবে। ১৮০ দিনের মধ্যে সরকারকে অবশ্যই জনপ্রত্যাশা বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকরি পদক্ষেপ নিতে হবে। অগ্রাধিকার নির্দিষ্ট করে সরকারকে সেলক্ষ্যে দ্রুত  ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, স্বার্থান্বেষী কোন কোটারী স্বার্থের কাছে সরকার হেলে পড়তে পারেনা। তিনি বিতর্কিত পদক্ষেপ ও নীতি কৌশল থেকেও সরকারকে বিরত থাকার আহ্বান জানান। 

সাইফুল হক সন্ত্রাস, চাঁদাবাজী, জুলুম, ক্ষমতার অপব্যবহার  ও দখলদারিত্বে বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেয়ার পরামর্শ দিয়ে তিনি  বলেন, কোন অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা। তিনি জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা - ১২ আসনে যারা কোদাল প্রতীকে ভোট দিয়েছেন,  নির্বাচন সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন, নানাভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বেশুমার কালো টাকা, পেশীশক্তি,  প্রশাসনিক ম্যানিপুলেশান, ভোটের ইঞ্জিনিয়ারিং, ধর্মানুভূতির রাজনৈতিক ব্যবহারের কারনে তিনি নির্বাচনে জিততে না পারলেও  ঢাকা-১২ এর জনগনের পাশেই তিনি থাকবেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই পুনর্মিলনীতে ঢাকা ১২ আসনে  কোদাল মার্কার পক্ষে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন - বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ  বিভিন্ন দল ও সমাজের  নানা অংশের প্রতিনিধিত্বশীল  ব্যক্তিবর্গ এই পুনর্মিলনী ও ইফতারে  অংশ নেন। তেজগাঁও চার্চ  কমিউনিটি সেন্টার মিলনায়তনে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী, বিএনপি নেতা সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার,  শাহ আলম, এল রহমান, মনিরুল ইসলাম রাহেমী, ইঞ্জিনিয়ার মিরাজুল হায়দার আরজু, তাসলিমা রীতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, ফিরোজ আলী প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত