মাদারীপরের রাজৈরে নারিকেল গাছ কাটতে গিয়ে গাছ ভেঙে পড়ে দেলেস বাড়ৈ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ রবিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ছাইতানবাড়ি গ্রামের জয়ন্ত বালার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি একই উপজেলার উল্লাবাড়ি গ্রামের অতুল বাড়ৈর ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। এদিকে দেলেসকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দিনমজুর হিসেবে জয়ন্ত বালার বাড়ির নারিকেল গাছ কাটতে যান দেলেস। তিনি একটি মৃত গাছের মাথায় উঠলে নিচ থেকে অন্যরা গাছটি টান দেয়। এসময় গাছটি গোড়া থেকে ভেঙে পড়ে যায় এবং দেলেস গাছের নিচে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমা নাসরীন তাকে মৃত ঘোষণা করেন।
রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, নিহতের পরিবারের লোকজন থানায় মামলা করার জন্য এসেছেন। তাদের অভিযোগ দেলেসকে ইচ্ছাকৃত পচা গাছে উঠিয়ে নিচ থেকে টান দিয়ে ফেলে হত্যা করা হয়েছে।