হাসপাতালের পরিত্যক্ত ভবন থেকে অর্ধ গলিত ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৯:৫৯ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি পচে ও বিকৃত হয়ে যাওয়ায় চেহারা দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে তার মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) হাসপাতালের পেছনের পরিত্যক্ত মেডিকেল অফিসার্স কোয়ার্টার দূর্গন্ধ ছড়াতে থাকে। গন্ধের উৎস খোঁজতে গিয়ে ঝুলন্ত মরদেহটি দেখতে পান সংশ্লিষ্টরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, পরিত্যক্ত ভবনটিতে ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিচন্ন কর্মীরা। দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহটি পচে গেছে এবং হাড় বের হয়ে গেছে। এটি আত্মহত্যা নাকি হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে, তা এখনই নিশ্চিত হওয়া যায়নি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ  করা হবে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত