সৌদিতে জামালদের প্রস্তুতি ক্যাম্প

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের পরের ম্যাচটা ২১ মার্চ হওয়ার কথা ছিল নিজেদের মাঠে। তবে এই সূচিতে পরিবর্তন এসেছে। হোম ম্যাচ নয়, একই দিনে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ খেলবে কুয়েতে। এরপর ২৬ মার্চ জাতীয় দলের অস্থায়ী হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় লাল-সবুজরা আতিথ্য  দেবে ফিলিস্তিনকে। রবিবার জাতীয় দল কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। মার্চে এই দুই ম্যাচের প্রস্তুতির লক্ষ্যে সৌদি আরবে ১৫ দিনের আবাসিক ক্যাম্প করার কথাও জানান তিনি।

২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। এরপর বিরতি দেওয়া হবে জাতীয় দলকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ করে দেওয়ার জন্য। লিগের ক্লান্তি থেকে মুক্তি পেতে কয়েকদিন বিশ্রাম দেওয়া হবে জাতীয় দলের ফুটবলারদের। এরপর দল চলে যাবে সৌদি আরবের তায়েফে। সেখানে কিং ফাহাদ স্পোর্টস কমপ্লেক্সে বিনে পয়সায় আবাসন ও অনুশীলন সুবিধা পাবে বাংলাদেশ। ১৫ মার্চ পর্যন্ত চলবে সেই ক্যাম্প। এরপর দল সরাসরি চলে যাবে কুয়েতে। সেখানে ২১ মার্চ ফিলিস্তিনের সঙ্গে হবে ম্যাচ। ফিফা বাছাইয়ের সূচিতে এই পরিবর্তনটা হয়েছে মূলত ফিলিস্তিনের অনুরোধে। যুদ্ধবিধ্বস্ত দেশ বলে নিজ দেশে খেলার সুযোগ নেই। তাই তারা কুয়েত সিটিকে করেছে অস্থায়ী হোম ভেন্যু। এ দিকটা নিশ্চিত করতেই তারা চেয়েছে আগে হোম ম্যাচটা খেলতে। তাতে সায় দিয়েছে বাংলাদেশ। ফিরতি ম্যাচটা যেহেতু ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসের দিন, সেহেতু কিংস অ্যারেনায় উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি থাকবে বলে বিশ্বাস বাফুফে কর্তাদের।

সৌদির সঙ্গে দ্বিপক্ষীয় সুসম্পর্কের জেরেই সেখানে বিনে পয়সায় অনুশীলন সুবিধা নিতে পারছে বাংলাদেশ। আর যেহেতু ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি কুয়েতে, তাই একই রকম কন্ডিশনে প্রস্তুতি নেওয়াটা বাংলাদেশের ইতিবাচক হবে বলে মনে করেন কাজী নাবিল, ‘মার্চে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে। এর জন্য সৌদি আরবে ক্যাম্প হবে। ফিলিস্তিন অনুরোধ করায় আগে কুয়েতে খেলা হবে। আমরাও সৌদি আরবে অনুশীলন করে সেখানে খেলতে যাব। আমাদের জন্যও সুবিধা হয়েছে। আবহাওয়াসহ সব কিছুর সঙ্গে দল আগেই মানিয়ে নিতে পারবে।’ সৌদিতে ক্যাম্প চলাবস্থায় একাধিক অনুশীলন ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। নাবিল বলেন, ‘সৌদি আরবকে অনুরোধ করেছি দুটো অনুশীলন ম্যাচ আয়োজনের জন্য। আশা করছি তারা তা দেবে।’