দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে অন্তত ১১২ জন নিহত হয়েছে। এছাড়া এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, চিলির ভালপারাইসো অঞ্চলে বনের দাবানলে অন্তত ১১২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় ‘প্রয়োজনীয় সবকিছুর’ ব্যবস্থা করবেন তিনি।
এদিকে রেকর্ড রাখা শুরুর পর থেকে এটিকে চিলির সবচেয়ে মারাত্মক দাবানল বলে মনে করা হচ্ছে। দাবানলে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনেকেই গ্রীষ্মের ছুটি কাটাতে উপকূলীয় অঞ্চলে বেড়াতে এসেছিলেন। এছাড়া চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় ভালপারাইসোতে স্বাস্থ্য সতর্কতাও জারি করেছে।
এদিকে দাবানল ছড়িয়ে পড়ার পর উদ্ধার পরিষেবাগুলো সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য লড়াই করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃতের সংখ্যা ‘অনেক বেশি বাড়বে’। এই পরিস্থিতিতে চিলির সরকার জনগণকে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।
চিলির আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে ৩ হাজার থেকে ৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দাবানল ছড়িয়ে পড়ার পর গত শনিবার ভিনা ডেল মার, লিমাচে, কুইলপু এবং ভিলা আলেমনায় কারফিউও জারি করা হয়।
রোববার প্রায় ১৪০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, জরুরি পরিষেবার পাশাপাশি সামরিক কর্মীদেরও মোতায়েন করা হয়েছে এবং দাবানলের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
শনিবার কর্মকর্তারা জানান, চিলিজুড়ে ৯০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে।