লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো এক দিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা ডিগ্রি কলেজের পাশের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজ নিয়েছি। কে বা কারা এ কাজ করেছে তা এখানো জানা যায়নি। পুলিশকে খবর দেওয়া হলে পরবর্তীতে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
জানা গেছে, সোমবার সকালে উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজের পাশের একটি ভুট্টাক্ষেতে প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় ব্যাগটি খুলে দেখতে পায় একদিনের একটি নবজাতকের লাশ। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকটিকে কে বা কারা রেখেছে তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।