সিলেটের চুনারুঘাটে ব্যারিস্টার সুমনের একটি অনুষ্ঠানের গিয়েছিলেন কণ্ঠশিল্পী তাশরীফ খান। সেখানে গিয়েই নিজের আইফোন কোম্পানির মোবাইল ফোনটি হারিয়েছেন। অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নামার সময় তাশরীফের পকেট থেকে ভিড় থেকে কেউ একজন মোবাইলটি বের করে নেয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারিস্টার সুমন।
তিনি ওই জনসভায় বলেন, এটা কেমন কথা হলো? তাশরীফ খান ঢাকা থেকে আপনাদের মাঝে এসেছে। আর তার পকেট থেকে আইফোনটি চুরি করে নেওয়া হলো। গাড়ি থেকে নামতেই ভিড়ের মধ্য থেকে তার পকেট থেকে মোবাইল ফোনটি বের করে নেওয়া হয়েছে। এটা খুবই খারাপ কাজ হয়েছে।
তাশরীফ একজন কণ্ঠশিল্পী হলেও বিগত বন্যায় সিলেট অঞ্চলে সেচ্ছ্বাসেবী কাজ করে আলোচনায় আসেন। ওই সময় তিনি ফেসবুক লাইভের মাধ্যমে বন্যার্তদের জন্য কোটি কোটি টাকা অনুদান তোলেন।
সম্প্রতি ব্যারিস্টার সাইয়েদুল ইসলাম সুমন সংসদ সদস্য নির্বাচিত হলে তারই আমন্ত্রণে চুনারুঘাটের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে গিয়েই এমন বিপদে পড়লেন তিনি।