রাজধানীতে জাল টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রেজাউল ইসলাম ওরফে মুন্না (৩৫)। রাজধানীর ভাটারা থানার মাদানী এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন সমমূল্যের ৭৯ হাজার জাল টাকার নোট উদ্ধার করা হয়।
আজ সোমবার বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ।
গুলশান বিভাগের ভাটারা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রাতে ভাটারা থানার মাদানি এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার হাত বদল করতে আসা এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রেজাউল নামে ওই যুবক বিভিন্ন সময় জাল টাকার লেনদেন করে আসছিল। তার বিরুদ্ধে একই অভিযোগে দুটি মামলার তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।