বর্তমান সংসদ খেলাপিদের ক্লাবে পরিণত হয়েছে: সাইফুল হক

বর্তমান সংসদ পুরোপুরি একটা ব্যবসায়ী, লুটেরা, মাফিয়া, ব্যাংক খেলাপিদের ক্লাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত 'ডামি নির্বাচনের সরকার থেকে দেশ বাঁচাও দ্রব্যমূল্যের আগুন থেকে মানুষকে রক্ষা কর' শীর্ষক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, বাজারের যে পরিস্থিতি মানুষ বাজারে গিয়ে বলে, মনে হয় না দেশে কোনো সরকার আছে। বাজারের অসৎ, মুনাফাখোর, সিন্ডিকেট ব্যবসায়ীরা আজকে কেবল জনগণকে জিম্মি করেনি। তারা পুরোপুরিভাবে সরকারি দল আওয়ামী লীগকে খেয়ে ফেলেছে। এসব ব্যবসায়ীরা আজকে বাজারে যা খুশি তাই করে আওয়ামী লীগকে হজম করে ফেলেছে।

তিনি বলেন, জনগণ কোনো দল হিসেবে আওয়ামী লীগকে বিবেচনা করে না। সারা দেশের সন্ত্রাসী, মাফিয়া, দুর্বৃত্ত, চাঁদাবাজ, মুনাফাখোররা আজকে তাদের (আওয়ামী লীগ) ছত্রছায়া আশ্রয় গ্রহণ করেছে। সেজন্যই বাজার নিয়ন্ত্রণ বলে কিছু নেই। সেজন্যই প্রত্যেকটা জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

গত ৭ জানুয়ারির নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে সাইফুল হক বলেন, বিরোধী দলের ডাকে এ সরকারের প্রতি মানুষ গণঅনাস্থা জানিয়েছে। গণঅনাস্থার মধ্য দিয়ে সরকার এটাকে বিজয় হিসেবে ঘোষণা করেছে। যেখানে ৪-৫ শতাংশ মানুষও ভোট দেয়নি। সব বিরোধী দল এ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বর্জন করেছে। এমনকি যে ২৭-২৮টা দল নির্বাচনে অংশগ্রহণ করেছে তারাও নানাভাবে প্রকাশ করেছে ৭ তারিখে বাস্তবে কোনো নির্বাচন হয়নি। তাহলে সরকার এটাকেই তাদের বিজয় হিসেবে দেখাতে চাচ্ছেন। সরকারের বিজয় পরাজয়ের থেকে অনেক বেশি।

সাইফুল হক বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। কিন্তু তারা রাজনৈতিক বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আমি বলতে চাই বঙ্গবন্ধু যে আওয়ামী লীগ তৈরি করেছে বহু আগেই সে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে।

এ সময় বিক্ষোভ সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।