মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে: সাইফুল হক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার যে সম্ভাবনা তৈরি হয়েছে তাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। জনপ্রত্যাশা অনুযায়ী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যেকোনও চেহারার মব সন্ত্রাস পুরোপুরি বন্ধ করতে হবে।

আজ শুক্রবার সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, সময় ও পরিস্থিতি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ওপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন তারেক রহমানের ওপর এক গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব প্রদানের দায়িত্ব অর্পণ করেছে। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতা নিয়ে তিনি এই দায়িত্ব পালন করবেন।

তিনি বিতর্কিত পদক্ষেপ ও তৎপরতা থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান এবং বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিদায় কেন্দ্র করে অনভিপ্রেত ঘটনাবলী সরকার ভাবমূর্তী ক্ষুণ্ণ করেছে ও অপ্রয়োজনীয় বিতর্ক উসকিয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনও টাকার খেলা, পেশীশক্তি, প্রশাসনিক ম্যানিপুলেশন ও ধর্মের ব্যবহার রোধ করতে পারেনি। নির্বাচন দৃশ্যতঃ শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও ভোটের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অনেকগুলো আসনের ফলাফল নির্ধারিত হয়েছে। এ কারণে জননন্দিত অনেক প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারেননি।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন,  রাশিদা বেগম, অ্যাডভোকেট মাহমুদুল করিম টিপু,সজীব সরকার, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, নির্মল বড়ুয়া মিলন, শাহজাহান সিকদার, মীর রেজাউল আলম, অরবিন্দু বেপারী বিন্দু, জসীম রাডি, মীর রেজাউল আলম, জুই চাকমা, ফিরোজ আলী, শাহীন আলম, আজাদুর রহমান আজাদ, জামাল সিকদার, আউয়াল মাহমুদ, নীলূফার ইয়াসমিন, আবু হানিফ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত