ফোডেনের হ্যাটট্রিকে পিছিয়েও জয় সিটির

ম্যানচেস্টার সিটি শুরুর দিকেই গোল হজম করেছিল। তাতে অবশ্য হারের শঙ্কা জগলেও ফিল ফোডেন পণ করে নেমেছিলেন, ব্রেন্টফোর্ডের বিপক্ষে এই ম্যাচে তার দলকে পয়েন্ট হারাতে দেবেন না। দেননি শেষ পর্যন্ত। ইংলিশ উইঙ্গারের হ্যাটট্রিকে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচটা সিটি শেষ পর্যন্ত জিতেছে ৩-১ গোলে।

২১ মিনিটে খাওয়া গোলটা সিটি শোধ করে দেয় বিরতির আগেই। আসলে বিরতির বাঁশি বাজার মুহূর্তকাল আগে। গোলদাতা ফোডেন। তারপর ৫৩ মিনিটে আরেকটা গোল, ৭০ মিনিটে আরও একটা। সবই ফোডেনের। 

ফোডেনদের এই জয় দারুণভাবে জমিয়ে তুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগও। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিভারপুল আপাতত লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল দুই দলেরই পয়েন্ট ৪৯ করে। তবে সিটি ম্যাচ খেলেছে লিভারপুল ও আর্সেনালের চেয়ে একটা কম—২২টি। সেই হিসেবে অবশ্য পেপ গার্দিওলার দল কিছুটা সুবিধাজনক অবস্থাতেই আছে বলা যায়। 

ম্যাচ শেষে দুই দলের পরিসংখ্যানই বলে দিচ্ছে প্রতিপক্ষের চেয়ে কতটা দাপুটে ছিল সিটি। বলের দখল ব্রেন্টফোর্ডের ছিল ২৮ ভাগ, সিটির ৭২ ভাগ। ব্রেন্টফোর্ড ম্যাচে মোট শট নিয়েছে ৯টি, এর মধ্যে গোলমুখে ছিল মাত্র ৩টি। অন্যদিকে সিটি শট নিয়েছে ২৫টি, গোলমুখে শট ছিল ১৫টি।

ফোডেনের দ্বিতীয় গোলটা এসেছে ডি ব্রুইনার সহযোগিতায়, তিন নম্বরটায় পাস বাড়িয়েছেন আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগে এই মৌসুমে সিটির হয়ে ২২টি ম্যাচেই খেলে ফোডেন করেছেন ৮টি গোল, করিয়েছেন আরও ৬টি।

প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে ফোডেনের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। দুবছর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সিটির ৬-৩ গোলের জয়ে তিন গোল করেছিলেন তিনি। প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক সংখ্যায় সাদিও মানে, স্টিভেন জেরার্ড, ইডেন হ্যাজার্ড, গ্যারেথ বেলদের কাতারে উঠে এসেছে ফোডেন। 

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ হ্যাটট্রিক সের্জিও আগুয়েরোর। সিটির হয়ে ১০ মৌসুমে ১২টি হ্যাটট্রিক আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকারের। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালুর পর লিডস ইউনাইটেডের হয়ে এই প্রতিযোগিতায় প্রথম হ্যাটট্রিকটি ফ্রান্সের সাবেক মিডফিল্ডার এরিক ক্যান্টোনার। প্রিমিয়ার লিগে এ পর্যন্ত মোট ১৯৭ জন খেলোয়াড় এক ম্যাচে ন্যূনতম ৩টি গোল করেছেন। বর্তমান খেলোয়াড়দের মধ্যে হ্যাটট্রিক সংখ্যায় কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। চেলসির রাহিম স্টার্লিং ও সিটির আর্লিং হলান্ডের সমান ৫টি করে হ্যাটট্রিক।

প্রিমিয়ার লিগে অভিষেকে হ্যাটট্রিক করা একমাত্র খেলোয়াড় ইতালির সাবেক স্ট্রাইকার ফ্যাব্রিজিও রাভানেল্লি। ১৯৯৬ সালে মিডলসবরোর হয়ে লিভারপুলের বিপক্ষে অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন।

প্রিমিয়ার লিগে এটি ৩২তম মৌসুম চলছে। অপটা অ্যানালিস্ট জানিয়েছে, এই প্রতিযোগিতা শুরুর পর প্রথম ৩০ মৌসুমে ৩৬১টি হ্যাটট্রিক দেখা গেছে। অর্থাৎ মৌসুমপ্রতি প্রায় ১২টি করে হ্যাটট্রিক। তবে প্রিমিয়ার লিগে কেউ এখনো ‘ডাবল’ হ্যাটট্রিক পাননি—মানে ৬ গোল। এক ম্যাচে ৫ গোলের কীর্তি আছে পাঁচজনের—অ্যান্ডি কোল, অ্যালান শিয়ারার, জার্মেইন ডিফো, দিমিতার বারবাতোভ ও আগুয়েরো। ২ মিনিট ৫৬ মিনিটে হ্যাটট্রিক করে প্রিমিয়ার লিগে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড লিভারপুলের সাবেক ফরোয়ার্ড সাদিও মানের।