ফেডারেশন কাপ

গ্রুপসেরা হয়ে কোয়ার্টারে কিংস ও শেখ জামাল, সঙ্গী পুলিশ

আসরর গফুরভের একমাত্র গোলে শেখ রাসেলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শেখ জামাল।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জয় পায় অস্কার ব্রুজনের শিষ্যরা। ম্যাচের একাদশ মিনিটে সুলেমানে ল্যান্ড্রির জোরালো ফ্রি কিক নিজের বাঁ দিকে ঝাঁপিয়ে কর্নার করে দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। এরপর আরও একটি সুযোগ নষ্ট করে শেখ রাসেল। তারিক কাজী পিছলে পড়লে বলের নিয়ন্ত্রণ পান দীপক। তার পাস ধরে আতান্ডা ওগুংবে বাড়ান সুলেমানে ল্যান্ড্রিকে। ভালো জায়গায় থেকেও বুরুন্ডির এই ফরোয়ার্ড মারেন পোস্টের বাইরে। 

দুরূহ কোণ থেকে করা আসরর গভুরভের গোলে ৩৬তম মিনিটে এগিয়ে যায় কিংস। রবসন দি সিলভা রবিনিয়োর থ্রু পাস ধরে বাম দিকে দিয়ে বক্সে ঢুকে পড়েন গফুরভ; গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডার তানভির হোসেনকে কাটাতে গিয়ে চলে যান কিছুটা দুরূহ কোণে। সেখান থেকেই নেওয়া উজবেকিস্তানের এই মিডফিল্ডারের শট দূরের পোস্ট দিয়ে জড়ায় জালে।

৫৫তম মিনিটে বাইলাইনের একটু উপর থেকে রবিনিয়োর গোলমুখে বাড়ানো আড়াআড়ি ক্রস আটকান শেখ রাসেল গোলরক্ষক রাকিবুল হাসান। পেছনে থাকা কিংস ফরোয়ার্ড আমিনুর রহমান সজীবের পায়ে বল গেলে ব্যবধান হতে পারত দ্বিগুণ।

ম্যাচের ৮৭ মিনিটে রেফারির সঙ্গে অপ্রত্যাশিত আচরণ করার ফল হিসেবে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিগেল ফিগেইরা। দশজনের কিংস বাকি সময়ে গোলের আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। একমাত্র গোলে জয় নিয়েই ম্যাচ শেষ করে তারা।

‘এ’ গ্রুপের ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করেছে শেখ জামাল ও বাংলাদেশ পুলিশ। কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছিল শেখ জামাল। তবে তাদেরকে জিততে না দিয়ে মূল্যবান এক পয়েন্ট ঝুলিতে ভরে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার নিশ্চিত করেছে পুলিশ।

ম্যাচের সবগুলো গোলই হয় প্রথমার্ধে। ২৩ মিনিটে শেখ জামালকে লিড এনে দেন মোহাম্মদ আবদুল্লাহ। ২৫ ও ৩১তম মিনিটে দুই গোল করে ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে নেয় পুলিশ। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে শেখ জামালকে সমতায় ফেরান নাইজেরিয়ান ফরোয়ার্ড স্ট্যানলি ডিম্গবা।

দ্বিতীয়ার্ধে কোনো দল আর গোলের দেখা না পেলে ড্র-তেই নিষ্পত্তি হয় ম্যাচের।