ইন্টার মায়ামি প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে বর্তমানে আছে জাপানে। আজ টোকিওতে জাপান ন্যাশনাল স্টেডিয়ামে মায়ামি খেলবে ক্লাব ভিসেল কোবের বিপক্ষে।
বার্সেলোনায় একটা সময় একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, আন্দ্রে ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস ও জর্দি আলবা। ইনিয়েস্তা বাদে বাকি চারজনই এখন খেলেন ইন্টার মায়ামিতে।
জাপানের ক্লাব ভিসেল কোবেতে ২০১৮-২০১৩ পর্যন্ত ছিলেন ইনিয়েস্তা। আজ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে তার সাবেক দুই ক্লাব। ম্যাচটি দেখার সঙ্গে ইনিয়েস্তার সামনে সুযোগ ছিল পুরনো বন্ধুদের সাথে দেখা করার। বর্তমানে আরব আমিরাতের ক্লাব এমিরেটসে খেললেও ঠিকই ছুটে এলেন কোবে ও মায়ামির খেলা দেখতে।
ম্যাচের আগে একই ফ্রেমে বন্দি হলেন বার্সার সাবেক পাঁচ তারকা। বার্সেলোনায় একসঙ্গে বহু শিরোপা জিতেছেন এই পাঁচজন।