গত সোমবার (৫ ফেব্রুয়ারি) ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার শনাক্ত হওয়ার খবর জানায় বাকিংহাম প্যালেস। এছাড়া সেইদিন থেকেই রাজার চিকিৎসা শুরু হয়েছে বলেও জানানো হয়।
বাকিংহাম প্যালেস থেকে সোমবার আরও জানানো হয়, ৭৫ বছর বয়সী রাজা চার্লস চিকিৎসাকালীন সময়ে জনসম্মুখে দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।
তাহলে ক্যান্সারে আক্রান্ত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের চিকিৎসাকালীন সময়ে দায়িত্ব কে পালন করবেন আর রাজতন্ত্রের ভবিষ্যৎই বা কি হবে?
রাজা চার্লস কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত?
সোমবার বাকিংহাম প্যালেসের কর্মকর্তারা রাজার ক্যান্সারের ঘোষণা দিলে তিনি মূলত কোন ধরণের ক্যান্সারে আক্রান্ত বা তার অবস্থা কতটা গুরুতর তা নির্দিষ্ট করে জানাননি। তবে একটি রাজকীয় সূত্র রয়টার্সকে জানিয়েছে যে এটি প্রোস্টেট ক্যান্সার নয়।
প্যালেস থেকে জানানো হয়েছে যে, রাজা নিয়মিত ক্যান্সারের চিকিৎসা শুরু করেছেন তবে এই সময়ে চিকিৎসকরা তাকে জনসাধারণের মুখোমুখি হতে হয় এমন দায়িত্ব স্থগিত করার পরামর্শ দিয়েছেন।
অর্থাৎ চিকিৎসাকালীন পুরো সময় জুড়ে রাজা যথারীতি রাষ্ট্রীয় ব্যবসা এবং অফিসিয়াল কাগজপত্রের কাজ চালিয়ে যাবেন বলছে প্যালেস।
রাজা চার্লস দায়িত্ব পালন করতে না পারলে কি হবে
ব্রিটিশ সাংবিধানিক আইন অনুযায়ী রাজা চার্লস যদি অসুস্থ হন বা তার দায়িত্ব পালনে অক্ষম হন সেক্ষেত্রে রাজার পক্ষে কাজ করার জন্য দুইজন পরামর্শদাতা নিয়োগ দেয়ার নিয়ম রয়েছে।
এই পরামর্শদাতারা প্রিভি কাউন্সিলের সভায় যোগদান, রুটিন নথিতে সই করা এবং নতুন রাষ্ট্রদূত গ্রহণসহ রাজার বেশিরভাগ অফিসিয়াল দায়িত্ব পালনের জন্য অনুমোদিত হবেন। কিন্তু রাজার অনুমতি ছাড়া তারা প্রধানমন্ত্রী নিয়োগ বা সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতা পাবেন না।
আইন অনুযায়ী এই পরামর্শদাতারা রাজার স্ত্রী বা পরবর্তী প্রজন্ম অর্থাৎ সন্তান বা পরিবার থেকে নির্বাচিত হয়ে থাকে।
বর্তমানে এই লাইনে রাজার স্ত্রী বাদে তালিকার শীর্ষে রয়েছে চার্লস এবং প্রয়াত রাজকুমারী ডায়ানার বড় ছেলে প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম। তার পরেই উত্তরাধিকার সূত্রে রয়েছে তার তিন সন্তান, প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুই।
তবে চার্লস এবং ডায়ানার কনিষ্ঠ পুত্র প্রিন্স হ্যারি রাজকীয় দায়িত্ব পরিত্যাগ করায় রাজার পক্ষে সরকারী দায়িত্ব পালন করা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছিল।
এছাড়া এই তালিকায় আরও রয়েছে রাজা চার্লসের ছোট ভাই এবং রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের দ্বিতীয় ছেলে প্রিন্স অ্যান্ড্রু এবং তার সন্তানরা, প্রিন্সেস বিট্রিস এবং ইউজেনি। সিংহাসনের সারিবদ্ধ অন্যদের মধ্যে রয়েছে চার্লসের বোন প্রিন্সেস অ্যান এবং তার ছোট ভাই প্রিন্স এডওয়ার্ড।
রাজার পরিবর্তে কে
চিকিৎসাকালীন সময়েও রাজা চার্লস রাষ্ট্রীয় ব্যবসা এবং অফিসিয়াল কাগজপত্রসহ তার সাংবিধানিক দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
তবে রাজপরিবারের ভাষ্যকার রিচার্ড ফিটজউইলিয়ামসের মতে, চার্লসের জনসাধারণের মুখোমুখি দায়িত্বের একটি বড় অংশ ওয়েলসের রাজকুমার উইলিয়াম এবং রানী ক্যামিলার সামলাবেন।
ফিটজউইলিয়ামস আল জাজিরাকে বলেন, “প্রিন্স অভ ওয়েলস রাজার পক্ষে তার প্রথম দায়িত্ব বুধবার থেকেই শুরু করবেন। এদিন উইলিয়াম লন্ডনের এয়ার অ্যাম্বুলেন্সের চ্যারিটি গালা ডিনারে যোগ দেবেন। অন্যদিকে বিবিসি জানিয়েছে যে দিনের শুরুতে তিনি উইন্ডসর ক্যাসেলে একটি অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।
সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স অব ওয়েলস উইলিয়াম তার স্ত্রী ক্যাথরিনের অস্ত্রোপচারের পর তিন সন্তানের দেখাশোনা করতে কিছুদিন কাজ থেকে অবসরে ছিলেন।
প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন পেটের অস্ত্রোপচারের পর গত দুই সপ্তাহ ধরে লন্ডনের একটি ক্লিনিকে বিশ্রামে রয়েছেন এবং তিনিও আপাতত তার দায়িত্ব থেকে দূরে আছেন।
ফিটজউইলিয়ামস আরও বলেন, "উইলিয়াম এবং রানী ক্যামিলার উপরই অনেক কিছু নির্ভর করবে যারা নীরবে আন্তরিকতার সাথে রাজার দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। তবে ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আশা করি রাজা ফিরে আসবেন এবং খুব শীঘ্রই তার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন”।
রাজপরিবারে ক্যান্সার
রাজা চার্লসের পরিবারে ক্যান্সারের আরও ইতিহাস রয়েছে।
প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের পিতা রাজা ষষ্ঠ জর্জ ফুসফুসের ক্যান্সার দ্বারা আক্রান্ত হয়েছিলেন। এছাড়া রাজা জর্জের ভাই এডওয়ার্ড অষ্টম, গলার ক্যান্সারে ভুগেছিলেন।
রাজার ক্যান্সারে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
ব্রিটিশ রাজা চার্লসের ক্যান্সারে আক্রান্তের খবরের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের গণ্যমান্য ব্যক্তি ও নেতারা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক রাজার "পূর্ণ ও দ্রুত আরোগ্য" কামনা করে একটি বার্তা পাঠিয়েছেন। তিনি বলেন, "আমার কোন সন্দেহ নেই যে রাজা অল্প সময়ের মধ্যেই পূর্ণ শক্তিতে ফিরে আসবে এবং পুরো দেশ তাকে শুভকামনা জানাবে।"
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাজা চার্লসের দ্রুত আরোগ্য কামনা করেন।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজাকে একজন ‘বিস্ময়কর মানুষ’ বলে উল্লেখ করে তার আরোগ্য কামনা করেছেন।
আলাদাভাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও আরোগ্য লাভের কামনা জানিয়েছেন।