ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের (৭৫) ক্যানসার চিকিৎসা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তিনি কোন ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং ক্যানসার কোন স্টেজে রয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসা চলাকালীন রাজা তৃতীয় চার্লস জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। তবে রাষ্ট্রীয় কর্মকাণ্ড চালিয়ে যাবেন তিনি। কার্যসূচি অনুযায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে নিয়মিত বৈঠকও করবেন তিনি।
এদিকে বাবার ক্যানসার শনাক্ত হওয়ার খবর শুনে যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেনে যাওয়ার কথা জানিয়েছেন রাজা চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি। বাবার সঙ্গে দেখা করতে খুব দ্রুতই যুক্তরাজ্যে আসবেন তিনি।
এর আগে জানুয়ারির শেষ সপ্তাহে রাজা তৃতীয় চার্লসের প্রোস্টেটের চিকিৎসা হয়। ওই সময় তার ক্যানসার ধরা পড়ে। ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা সাধারণত অসুস্থতার বিস্তারিত তথ্য প্রকাশ করে না। তারা চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করে। কিন্তু রাজা তৃতীয় চার্লস পুরুষদের তাদের প্রোস্টেট পরীক্ষায় উৎসাহিত করার জন্য তার স্বাস্থ্য সমস্যা জনসমক্ষে প্রকাশ করেছিলেন।
পুত্রবধূকে হাসপাতালে দেখতে গিয়ে নিজেও ভর্তি রাজা তৃতীয় চার্লস