লিওনেল মেসি শুধু ক্লাবের, সেসব কথা এখন অতীত। কঠিন সময় অতিক্রম করে আর্জেন্টিনার জার্সিতে সম্ভাব্য সবকিছু জিতেছেন লিওনেল মেসি। কাতারে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন ফুটবল জাদুকর বলেছিলেন উপভোগ করছেন প্রতিটি দিন। মানুষ তৃপ্ত হলেই জীবন উপভোগ করতে পারেন। তৃপ্ত মেসিই একদিন আগে বললেন তিনি 'ক্লান্ত'!
বিশ্বকাপ জয়ের পরও ঈশ্বর দুহাত ভরে দিচ্ছে মেসিকে। বিশ্বকাপের পরও জিতেছেন আরও একটি করে ব্যালন ডি'অর, ফিফা দ্য বেস্ট। কনমেবল প্রেসিডেন্ট তো মেসিকে বিশ্ব ফুটবলের শাসকও ঘোষণা করেন। এগুলো তো ব্যক্তিগত পুরস্কার। সবকিছু পাওয়া মেসি উপভোগ করতেই পাড়ি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফুটবলে। সেখানে গিয়েও ক্লাব ইন্টার মায়ামিকে জিতিয়েছেন নিজেদের প্রথম শিরোপা।
মেসি ইন্টার মায়ামিকে জেতান লিগস কাপ। সেখানেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ওই ৩৬ বছরের মেসিই।
টেনিস ক্যারিয়ারে মেসির মতোই এমন দারুণ সময় পার করেন বিওর্ন বোর্গ। ১৯৭৪-১৯৮১ এই সময়ের মধ্যে সুইডিশ এই কিংবদন্তি জিতেছিলেন ১১টি গ্র্যান্ড স্ল্যাম। গড়েছিলেন টেনিসের অসংখ্য রেকর্ড। ১৯৭৯ তে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে এক মৌসুমে এক মিলিয়নের বেশি অর্থ পুরস্কার জিতেছিলেন।
কিন্তু কেনো মাত্র ২৬ বছর বয়সেই অবসর নিয়েছিলেন বোর্গ। যা অবাক করেছিল বিশ্বকে। পরে অবশ্য ফিরে এলেও আগের মতো ধার ছিল না তার র্যাকেটে। ক্লান্ত মেসিও কি তবে সবকিছু পেয়ে অবসরের পথেই হাটছেন। আপাতত তেমন ভাবার সুযোগ নেই। জাপানে সংবাদ সম্মেলনে মেসি জানান, 'আমি এই পুরো (এশিয়া) সফরে একটু ক্লান্ত। (কোবের সঙ্গে) শেষ ম্যাচটা খেলার ইচ্ছা আছে। শেষ করে বাড়ি ফিরে যাবো।' প্রাক মৌসুম প্রস্তুতিতে অ্যাডাক্টর (কোমার-পায়ের সংযোগ পেশি)-এ অস্বস্তি অনুভব করছেন। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবল মৌসুম। তাই প্রস্তুতি ম্যাচের চেয়ে মৌসুমজুড়ে সুস্থ থাকাটা গুরুত্ব দিচ্ছেন মেসি।
আজ ভিসেল কোবের বিপক্ষে ম্যাচেও শুরুর একাদশে নেই তিনি। ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু পাওয়া তৃপ্ত মেসি এখন একটু বিশ্রামের আবদার করতেই পারেন।
তবে পুরো অবসর নেওয়ার আগে মেসির বিশ্রাম দেখতে চাইবেন না ভক্তরা।