বিপিএলে এবার ৫ ম্যাচে লিটন দাসের রান মাত্র ৩৭, গড় ৭.৪০। স্ট্রাইক রেটও (৭৫.৪১) ছিল টি-টোয়েন্টির জন্য দৃষ্টিকটু। ছক্কা মেরেছিলেন মোটে একটি।
সেই লিটন আজ মারলেন চারটি ছক্কা। সঙ্গে চার বাউন্ডারিতে ৩০ বলে করলেন ৪৫ রান।
তার ওই ইনিংসের পরও মিরপুরে ১৪৯ রান করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আমির জামালের বিধ্বংসী পেস বোলিংয়ে ম্যাচ জিতলেও রান নিয়ে আফসোস রয়ে গেছে লিটনের।
২৩টা ম্যাচ শেষে চলতি বিপিএলের ৪৬টা ইনিংসে ১৭০ এর বেশি রান হয়েছে মাত্র ৯টা ইনিংসে। সর্বোচ্চ দলীয় সংগ্রহ ১৯৩ রান, সর্বোচ্চ রান তাড়া বরিশালের ১৮৭ এর জবাবে খুলনার ১৮৮। বেশিরভাগ ম্যাচেই রান হচ্ছে দেড়শ'র আশেপাশে, দলীয় একশ রানের নিচে অলআউট হওয়া ইনিংসের সংখ্যা ৩। কোন সেঞ্চুরি হয়নি এখনো, যারা রান করছেন তাদের স্ট্রাইক-রেট টি-টোয়েন্টির প্রথাগত ছন্দের সঙ্গে বেমানান। ৬ ম্যাচে ২৫১ রান করে দেশে ফিরে যাওয়া পাকিস্তানের বাবর আজম এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক, তার স্ট্রাইক-রেট ১১৪.৬১। ৭ ইনিংসে ২৩৮ রান করা মুশফিকুর রহিমের স্ট্রাইক রেট ১২৫.৯২। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিপিএল শুরুর আগে ভাল উইকেটের প্রতিশ্রতি দেয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত খুব কম ম্যাচেই দেখা গেছে রান উৎসব। কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক লিটন দাসের কাছে এর কারণ জানতে চাইলে তার উত্তর, 'সব সময় উইকেটকে দোষ দেওয়ার তা কিন্তু না। যারা ক্যালকুলেটিভ ঝুঁকি নিয়ে খেলতে পারে তারা এই মাঠে... আজ কিন্তু একটা পরিস্থিতি ছিলো ১৭০ রান হওয়ার মতন ছিলো। হলে উইকেটকে কেউই দোষ দিতাম না। কোন কারণে আমরা পারিনি, মিডল ওভারে আমাদের কিছু ঘাটতি আছে। বাংলাদেশ দলেও আমরা এই জিনিসটার ভুক্তভোগি। পাওয়ার প্লে-তে ভাল করলে মাঝখানে ভাল খেলতে পারি না। আবার মাঝখানে খেলতে পারলে ফিনিশ করতে পারি না। এখনো আমরা শেখার ধাপে আছি, এমন না যে ভালো দল আমরা। বিপিএলের গেইমগুলো চলতে চলতে আমরা এক পর্যায়ে শিখে যাব কীভাবে মাঝের ওভারে খেলতে হয়।'
উইকেট বদলেরও কিছু নেই বরং এই উইকেটেই কিভাবে ভাল খেলতে হবে সেটা আয়ত্ব করাটাই গুরুত্বপূর্ণ বলে জানালেন লিটন, 'দেখেন, আমি কিছু বললে কি উইকেট চেঞ্জ হবে? আমি যদি চাই কালকের ম্যাচে দুইশো রানের উইকেট দিতে, দিতে পারবে? যেটা ফ্যাক্ট না সেটা কীভাবে হবে। এখন দেড়শো রানের উইকেটে আমরা কীভাবে খেলতে পারি সেটা দেখতে হবে। আপনি সব সময় টি-টোয়েন্টিতে দেড়োশো রানের উইকেট পাবেন না। দেড়শো রানের উইকেটে আমরা কীভাবে দেড়শো রান করতে পারি এটা একটা চ্যালেঞ্জ।'
বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলায় মাঝের ওভারে ডট বলের সংখ্যা কমিয়ে সিঙ্গেলস ডাবলস নেয়ার সামর্থ্য বাড়লে আর বাউন্ডারি মারার প্রবণতা যোগ হলেই বড় সংগ্রহ দেখা যাবে বিপিএলে যার প্রভাবটা আসবে জাতীয় দলেও, এমনটাই মনে করেন লিটন, 'হতে পারে (জাতীয় দলেরও মূল সমস্যা মিডল অর্ডার)। এক তো আমরা কেউই পাওয়ার হিটার না। গায়ে এত জোর আছে যে ছয় মারব খালি তাও না। কিন্তু আমাদের মতন খেলোয়াড়রাও টি-টোয়েন্টিতে অনেক রান করছে, তারা কীভাবে খেলছে! তারা এক দুই করে নিয়ে বাউন্ডারি খুঁজতেছে। আমরা চেষ্টায় আছি এসব করার। হয়ত আস্তে আস্তে আসবে। (খুলনার বিপক্ষে) আমরা মিডল ওভারে ভালো ক্রিকেট খেলিনি, অনেক ডট হয়েছে। আমরা অনেক বড় বড় শট খেলতে চাচ্ছি। এক, দুইয়ের অপশন কিন্তু আছে। দেখবেন বড় বড় খেলোয়াড়রা এক-দুই করে খেলা বানায়। যে জিনিসটা আমাদের ঘাটতি আছে।'