ইংল্যান্ড সিরিজেই কোহলির থাকা নিয়ে সংশয়

ইংল্যান্ড সিরিজের তৃতীয় ও চতুর্থ টেস্টেও দলে থাকছেন না বিরাট কোহলি। সম্ভাবনা রয়েছে পঞ্চম টেস্টেও না থাকার। ইংল্যান্ড সিরিজ শুরুর তিনদিন আগে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নেন কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডও কোহলির পাশে দাঁড়ায়। তবে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য মতে সিরিজের পরের দুই রাজকোট ও রাঁচি টেস্টেও থাকা হচ্ছে না কোহলির।

গত শনিবার ভারত এবং ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে নিজের ইউটিউব চ্যানেলে এবি ডি ভিলিয়ার্স জানান যে, কোহলি বর্তমানে তার স্ত্রী আনুষ্কা শর্মার সঙ্গে রয়েছেন। এ তারকা দম্পতি তাদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। এই অবস্থায় কোহলি দলে থাকবেন কি না এ ব্যাপারে তার সঙ্গে নির্বাচকদের আলাপ করার কথা রয়েছে।

এই সপ্তাহেই সিরিজের তৃতীয় টেস্টের দল ঘোষণা করবে বোর্ড। সেখানে না থাকার সম্ভাবনাই বেশি বিরাট কোহলির। দ্বিতীয় টেস্টে বিশ্রামের পর দলে ফিরবেন পেসার মোহাম্মদ সিরাজ। ইনজুরিতে ছিটকে পড়া দু্ই তারকা রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলের ব্যাপারে শেষ সিদ্ধান্ত জানা যাবে এনসিএ’র মেডিকেল রিপোর্টের পর। তবু দুজনের উন্নতি দেখে ধারণা করা হচ্ছে তাদের পাওয়া যাবে রাজকোট টেস্টে।