প্রাক-মৌসুম সফরটা হার দিয়েই শেষ হলো লিওনেল মেসিদের। গতকাল জাপানের ভিসেল কোবের সঙ্গে ম্যাচ নির্ধারিত সময় ও টাইব্রেকারে সমতায় শেষ হওয়ার পর সাডেন ডেথে হেরে যায় মেসির দল।
জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে ভিসেল কোবে ও ইন্টার মায়ামির মধ্যকার প্রীতি এই ম্যাচটিকে দুভাগে ভাগ করা যায়। মেসিহীন প্রথম ভাগ ও মেসি নামার পর দ্বিতীয় ভাগ। মেসিহীন প্রথম ভাগের খেলায় স্বাগতিক কোবের দাপটই ছিল বেশি। তবে ম্যাচ ছিল অনেকটাই নি®প্রাণ। ২৪ মিনিটে বিপজ্জনক ফাউলের শিকার হন মায়ামি তারকা সার্জিও বুসকেটস। তখনই মাঠ ছেড়ে উঠে যান তিনি। প্রথমার্ধও শেষ হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধের ষাট মিনিটের সময় মাঠে নামেন লিওনেল মেসি। জৌলুশ ফেরে ম্যাচে। জাপানের স্টেডিয়ামভর্তি দর্শকরাও করতালি দিয়ে স্বাগত জানান ফুটবল জাদুকরকে। মাঠে নেমেই মেসির নেতৃত্বে দারুণ একটি আক্রমণ হানেন ভিসেল কোবে রক্ষণে। মায়ামির রক্ষণ থেকে তৈরি আক্রমণটি কোবের ডি বক্সে শেষ হয় ব্যাকপাসটি মেসির পায়ে না জমায়।
তারপরই সতর্ক হয়ে ওঠেন কোবে ম্যানেজার ইয়োশিদা। খেলোয়াড় বদলে আক্রমণের শক্তি কমিয়ে রক্ষণ জোরালো করেন তিনি। সাতজন খেলোয়াড় সামলান ডি বক্সের আশপাশের এলাকা। ম্যান মার্কিংয়ের পাশাপাশি মানবব্যুহ তৈরি করে ঠেকানোর চেষ্টা চলে মেসির স্বাভাবিক খেলা।
তার ভেতর থেকেও বারবার আক্রমণের সুযোগ তৈরি করে যান মেসি। মায়ামির গোলের ভালো সুযোগ তৈরি হয় ম্যাচের ৭১ মিনিটে। দূর থেকে পাওয়া পাস মাথা দিয়ে রিসিভ করে বাইসাইকেল কিক নেন লুইস সুয়ারেজ। তার ওই শট বের হয়ে যায় গোলবারের পাশ দিয়ে। এর চার মিনিট পরই উঠে যান তিনি। তার বদলি হিসেবে নামেন লিওনার্দো কাম্পানা।
৭৬ মিনিটে কোবের আক্রমণ ঠেকিয়ে দেন মায়ামি গোলরক্ষক ক্যালেন্ডার। এর পরই ম্যাচের সেরা সুযোগটি তৈরি হয় মায়ামির সামনে। ৭৯ মিনিটে সবাইকে ফাঁকি দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। তার শট প্রথম দফায় ঠেকিয়ে দেন কোবে গোলরক্ষক ওবি। রিবাউন্ডে আবারও বল জমে মেসির পায়ে। নিশ্চিত জালে জড়াতে থাকা বল গোল লাইনের একদম সামনে থেকে ক্লিয়ার করেন ডিফেন্ডার রিও হাতসুসে।
৮৪ মিনিটে ভালো জায়গা থেকে ফ্রি কিক পেলেও গোল করতে ব্যর্থ হন কোবের আক্রমণভাগের খেলোয়াড়রা। নির্ধারিত সময়ের খেলা তাই শেষ হয় কোনো গোল না হয়েই। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
প্রথম দুটি শটেই স্কোর করেন উভয় দলের খেলোয়াড়রা। তবে তৃতীয় শটটি গোলবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন হোতারু ইয়ামাগুচি। চতুর্থ দফায় মায়ামির রবার্ট টেইলরের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। সেটি বাতিল হলেও দ্বিতীয় শটে ওপরের বারে লাগানো ছাড়া বাড়তি কিছু করতে পারেননি টেইলর। সমতায় ফেরা টাইব্রেকে পঞ্চম শট মিস করেন দুই ডিফেন্ডার রিও হাতসুসে ও নোয়াহ অ্যালেন।
খেলা গড়ায় সাডেন ডেথে। তাতে ভিসেল কোবের নানাসেই লিনো গোল করলেও ব্যর্থ হন মায়ামির এই ম্যাচের অধিনায়ক গ্রেগরে। কোবে গোলরক্ষক ওবি তার নেওয়া শট ঠেকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাডেন ডেথে মায়ামিকে হারানোর উল্লাসে মাতে ভিসেল কোবে ও মাঠভর্তি দর্শকরা।
প্রাক-মৌসুম সফরে বেশ ধকলই পোহাতে হলো ইন্টার মায়ামিকে। মেসি নিজেই জানিয়েছিলেন ‘ক্লান্ত’ হয়ে পড়ার কথা। ম্যাচশেষে কালই টোকিও ছাড়ার পরিকল্পনা মায়ামির। এক সপ্তাহ পর প্রাক-মৌসুমের শেষ ম্যাচটি খেলবে মেসি বাহিনী। ১৫ ফেব্রুয়ারি ডিআরভি পিঙ্ক স্টেডিয়ামে ‘হেরনস’রা আতিথ্য দেবে মেসির শেকড়ের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজকে। আগামী ২১ ফেব্রুয়ারি ঘরের মাঠে রিয়াল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইন্টার মায়ামির মেজর লিগ সকারের নতুন মৌসুম।