দুস্থদের পাশে হামজা চৌধুরী

বাংলাদেশের সিলেট অঞ্চলের হাজার হাজার দুস্থ ও সমস্যাগ্রস্ত রোগীর বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সেবামূলক সংস্থা তাফিদা রাকিব ফাউন্ডেশন (টিআরএফ)। ২৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ- ১০দিনব্যাপী সিলেটে বিনামূল্যে মেগা মেডিকেল ক্যাম্প করবে সংস্থা। এই মহতী উদ্যোগে সম্পৃক্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী।

মেগা মেডিকেল ক্যাম্পের জন্য একটি উল্লেখযোগ্য তহবিল সংগ্রহের লক্ষ্যে গত ৩ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের বার্মিংহ্যামে বিশিষ্ট ব্যবসায়ী আবুল হুসেনের আয়োজনে ওয়ালসালের লাল হাভিলি ব্যাঙ্কোটিং হলে অনুষ্ঠিত হয়েছিল একটি সচেতনতামূলক অনুষ্ঠান। যেখানে উপস্থিত থেকে এই উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবল তারকা হামজা চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন এসেক্সের ডেপুটি লেফটেন্যান্ট লেডি সিদ্রা নাঈম।

এই উদ্যোগ নিয়ে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জাকির চৌধুরী, রাষ্ট্রদূত এম এ মুনিম (সালিক), বিখ্যাত নাসিদ শিল্পী আইয়ুব কোরি, মরিয়ম জাজিমসহ অন্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয়ে এই উদ্যোগে দ্ব্যর্থহীন সমর্থন জানিয়েছেন। টিআরএফ-এর সভাপতি ও প্রতিষ্ঠাতা সেলিনা বেগম বলেন, ‘এটি আমাদের জন্য একটি অভূতপূর্ব সুযোগ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষস্থানীয় চিকিৎসকদের একত্র করার মাধ্যমে, আমরা বাংলাদেশের অগণিত জীবন বাঁচানোর চেষ্টা করতে পারি।’ ক্যাম্পে গুরুতর অস্ত্রোপচার এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি সাধারণ স্বাস্থ্যসেবা পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করতে চায় এই সংস্থা। অভিজ্ঞ প্রফেসর, সার্জন এবং ডাক্তারদের সমন্বয়ে একটি বিশিষ্ট দল এই কার্যক্রম জুড়ে উপস্থিত থাকবেন, উপস্থিত সমস্ত রোগীর জন্য মানসম্পন্ন চিকিৎসাসেবার নিশ্চয়তা দেবেন। স্বাস্থ্যসেবার প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে, টিআরএফ কার্ডিওভাসকুলার মেডিসিন, পুনর্বাসন, চক্ষুবিদ্যা, ইএনটি, শ্বাসযন্ত্রের যতœ, ইউরোলজি এবং জরুরি ওষুধ সেবা নিশ্চিত করতে আনুমানিক ৫০ জন চিকিৎসককে যুক্ত করবে।

মেডিকেল ক্যাম্পটি পরিচালিত হবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলায়। এ ছাড়া অস্ত্রোপচারগুলো হবে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং একাধিক বেসরকারি মেডিকেল হাসপাতালে।

টিআরএফ এই উদ্যোগ সমর্থন করার জন্য বিশ্ব সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে তরুণ তাফিদা রাকিবের হৃদয় বিদারক মস্তিষ্কের আঘাতের পরে প্রতিষ্ঠিত টিআরএফ স্নায়বিক জটিল রোগে আক্রান্তদের এবং তাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে এমন শিশুদের জীবন উন্নত করার জন্য নিবেদিত। হামজা চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এবং তহবিল সংগ্রহে উদ্যোগী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে আসন্ন মেডিকেল ক্যাম্পে উপস্থিত হতে তিনি বাংলাদেশে আসবেন কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।