দিবুকে পরাস্ত করে মেসিকে মনে করালেন এনজো ফার্নান্দেজ

চলতি মৌসুমে স্প্যানিশ কোচ উনাই এমেরির অধীনে দারুণ ফুটবল খেলছে অ্যাস্টন ভিলা। ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে বার্মিংহামের ক্লাবটি। অন্যদিকে টমাস টুখেলের বিদায়ের পর থেকেই ধুঁকছে চেলসি। এই মৌসুমে ২৩ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছে ব্লুরা। দুই দলের ম্যাচে তাই অ্যাস্টন ভিলাকেই এগিয়ে রাখছিল সবাই।

কিন্তু ভিলা পার্কে গত রাতে স্বাগতিকদের রীতিমতো কোণঠাসা করে ফেলেছিল মরিসিও পচেত্তিনোর দল। আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ পুরো ম্যাচেই দারুণ ফুটবল উপহার দিয়েছেন, আর তাতে উদ্দীপ্ত হয়েছে গোটা দল। বুধবার এফএ কাপের চতুর্থ রাউন্ডের রিপ্লে ম্যাচে ভিলা পার্কে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে চেলসি। ব্লুজদের হয়ে কনর গ্যালাঘার, নিকোলাস জ্যাকসন এবং এনজো ফার্নান্দেজ গোল করেন। অ্যাস্টন ভিলার পক্ষে একটি গোল শোধ করেন মৌসা দিয়াবি।

ম্যাচের ১১ মিনিটেই কনর গ্যালাঘারের গোলে এগিয়ে যায় চেলসি। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সেনেগালিজ ফরোয়ার্ড নিকো জ্যাকসন। প্রথমার্ধেই দুই গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে দ্বিতীয়ার্ধে মাঠে নামে চেলসি। ৫৪ মিনিটে চেলসির পক্ষে ফ্রি কিকের বাঁশি বাজান রেফারি। চমৎকার বাঁকানো শটে ফ্রি কিক থেকে বল অ্যাস্টন ভিলার জালে পাঠান এনজো। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ষষ্ঠ গোল।

গোলের উদযাপনে এনজো মনে করিয়ে দিলেন স্বদেশী কিংবদন্তি লিওনেল মেসিকে। ২০১৭'র এপ্রিলে এল ক্লাসিকোতে ২-২ সমতায় থাকা ম্যাচের যোগ করা সময়ে জয়সূচক গোল করে জার্সি খুলে তা দর্শকদের উদ্দেশে তুলে ধরেছিলেন তিনি।

২০১৭ এল ক্লাসিকোতে জয়সূচক গোল করে এভাবেই উদযাপন করেছিলন লিওনেল মেসি

তার মতো করেই জার্সি খুলে উদযাপন করেন এনজো। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যাস্টন ভিলার পক্ষে একটি গোল করে হারের ব্যবধান কমান মৌসা দিয়াবি।