বোরকা পরে মেয়েদের স্কুলে কিশোর, অতঃপর...

নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে বোরকা পরে ঢুকেছিল বালক বিদ্যালয়ের এক ছাত্র। বিষয়টি জানার পর ওই কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের আলাইপুরে ওই বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক সাদমান সাকিব নাটোর সরকারি বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আটকের সময় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভেতরে বোরকা পরিহিত এক ব্যক্তিকে দেখে সন্দেহ হলে পুলিশ সদস্য ও বিদ্যালয়ের ছাত্রীরা তাকে ঘিরে ধরে। এক পুলিশ সদস্য কিশোরের কাছে যেতেই সে পালানোর চেষ্টা করে। তখন বোরকার মুখ খুলে গেলে বেরিয়ে আসে কিশোরের মুখ। এ সময় দুই পুলিশ সদস্যের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের (বয়েজ স্কুলে) একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী চরিত্রে অভিনয় করার কথা ছিল নবম শ্রেণির ছাত্র সাদমান সাকিবের। গতকাল স্কুলে তার-ই অনুশীলন শেষে বন্ধুদের প্ররোচনায় কৌতূহল বশত সে গার্লস স্কুলে যায়

তিনি আরও বলেন, ঘটনার পর আমরা তদন্ত করে দেখেছি সেখানে অপরাধমূলক কোনো কিছু ছিল না, সম্পূর্ণ কৌতুহল বসত এই ঘটনা ঘটায় ওই কিশোর। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।