নাটোরের লালপুরে খালাতো ভাইদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে তামিম (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার বিলমাড়িয়া বাজারের নিচে পুকুরপাড়-সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত তামিম লালপুর উপজেলার গোপালপুর গ্রামের মিঠুনের ছেলে। সে বিলবাড়িয়া খালার বাড়িতে বেড়াতে এসে খালাতো ভাইদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে নদীতে ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিলা পারভিন কণা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।