বোরকা পরে গার্লস স্কুলে সাকিব! এরপর যা ঘটল

পরনে কালো বোরকা। মুখও ঢাকা নেকাব দিয়ে, মাথায় হেজাব। গার্লস স্কুলের শত শত শিক্ষার্থীর মধ্যে ঘুরছে সে। তবুও তার আচারণে সন্দেহ হয় শিক্ষার্থীদের। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেখে বোরকা পরেই দৌড় দেয় সে।

নারী পুলিশের সহযোগিতায় তাকে ধরা হয়। এরপর দেখা যায়, বোরকা ভেতরে ১৪ বছরের এক কিশোর। তার নাম সাদমান সাকিব।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আটক ওই কিশোর নাটোর সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থী।

নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, গতকাল স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় বোরকা পরে আসা ওই ছাত্রের আচরণে সন্দেহ হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকা পুলিশকে খবর দেয় তারা। পুলিশ অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে এলে পালানোর চেষ্টা করে সে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের (বয়েজ স্কুলে) একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী চরিত্রে অভিনয় করার কথা ছিল নবম শ্রেণির ছাত্র সাদমান সাকিবের। গতকাল স্কুলে তার-ই অনুশীলন শেষে বন্ধুদের প্ররোচনায় কৌতূহল বশত সে গার্লস স্কুলে যায়।

তিনি আরও বলেন, ঘটনার পর আমরা তদন্ত করে দেখেছি সেখানে অপরাধমূলক কোনো কিছু ছিল না, সম্পূর্ণ কৌতুহল বসত এই ঘটনা ঘটায় ওই কিশোর। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।