বাবার চাকরি ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৩৭বার চিঠি লিখেছে উত্তরপ্রদেশের অষ্টম শ্রেণির এক ছাত্র।
এনডিটিভি জানায়, কানপুরের বাসিন্দা সার্থক ত্রিপাঠী শেষ চিঠিতে পারিবারিক সমস্যার কথাও বিস্তারিত লিখেছে।
দীর্ঘদিন বাবার চাকরি নেই। বাড়িতে আর্থিক অনটন বেড়েই চলেছে প্রতিদিন। এ অবস্থায় বাবার চাকরি ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে বিস্তারিত চিঠি লিখে সার্থক।
জানা গেছে, সার্থকের বাবা উত্তরপ্রদেশ স্টক এক্সচেঞ্জের কর্মী ছিলেন। কিন্তু পরিবারের অভিযোগ কিছু সহকর্মীর কারসাজিতে এখন আর সেই চাকরি নেই। আর তাই সংসারে আর্থিক অনটন প্রকট হয়েছে।
সার্থক সংবাদমাধ্যমকে বলেছেন, “মোদি হ্যায় তো মুমকিন হ্যায়- এই কথাটা আমি ভীষণভাবে বিশ্বাস করি তাই। আমি মনে করি, প্রধানমন্ত্রী আমার চিঠির জবাব দেবেন। বাবা যাতে চাকরি ফিরে পান সেই ব্যবস্থাও তিনিই করবেন।”
পরিবার সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে চিঠি লিখছে সে। কিন্তু এখনো কোনো চিঠির জবাব এসে পৌঁছায়নি। তবুও হাল ছাড়তে রাজি নয় উত্তরপ্রদেশের এই কিশোর। তার এই পরিশ্রম ‘সার্থক’ হয় কিনা সেটাই এখন দেখার।
এমনকি যাদের বাবা কর্মহীন তাদের জন্যও প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন বলে বিশ্বাস করে সার্থক।
