পবিত্র শবে মেরাজ আজ। আজ বৃহস্পতিবার রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজগৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগির মধ্যদিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করবে।
ইসলাম ধর্মে শবে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এ রাতেই প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.)।
এদিকে, পবিত্র শবে মেরাজ, ১৪৪৫ হিজরী উদযাপন উপলক্ষে আজ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’- শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বিনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকার। আলোচনা করেন জামেআ মোহাম্মদিয়া আরাবিয়্যাহ মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, ড. মোহাম্মদ হারুনূর রশীদ, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।