কুমিল্লা মেঘনা উপজেলার সবুজ মাঠে হলুদের সমারোহ। উপজেলার লুটেরচর, ভাওরখোলা, মানিকারচর, রাধানগর, চালিভাঙ্গা, চন্দনপুর ইউনিয়নের শীতের সসবু কুয়াশা ভেজানো মাঠে সরিষার হলুদ ফুলে ঢেউ খেলানোর মেলা বসেছে। বিস্তীর্ণ মাঠ এখন সবুজ ডাঁটায় হলুদ রঙে সেজেছে। যেন চিত্রশিল্পীর রংতুলির আল্পনায় আঁকা এক হলুদ রাজ্য। দিগন্তজুড়ে সরিষা, চাষিরা অপেক্ষায় কবে তাদের ফসল ঘরে তুলবে। এদিকে প্রকৃতির হলুদ হাসিতে দূরদূরান্ত থেকে গাড়ি নিয়ে ছুটে আসছেন হলুদপ্রেমীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা হিসেবে বিনামূল্যে ২৮০০ কৃষকের মাঝে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে। সরিষার আবাদ করেছে ১১৭৫ হেক্টর জমিতে। মাঠ পর্যায়ে কৃষকদের উন্নত পরামর্শ ও সেবা দিয়ে যাচ্ছেন ৮ ইউনিয়নের ২৪ ব্লকে ১৬ জন উপসহকারী কৃষি কর্মকর্তা।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম বলেন, সরকার বিনামূল্যে উন্নত বীজ ও সার সরবরাহ করেছিল। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার আবাদ ভালো হয়েছে। এর মাঝে আমাদের মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন কৃষক ভাইদের। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার ফলন গতবারের চেয়ে এবার আরও ভালো হবে।