বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নয়াপাড়ায় অবিস্ফোরিত মর্টার শেলটি পাওয়া যায়।
ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে এক যুবক মর্টার শেলটি দেখতে পান। পরে তিনি বিজিবিকে ফোন করে বিষয়টি জানান। এরপর বিজিবি এসে মর্টার শেলটি উদ্ধার করে।
তিনি আরো বলেন, সোমবার রাতের কোনো একসময় শেলটি এখানে পড়েছিল। এরপর থেকে এদিকে লোকজনের যাতায়াত ছিল না। আজ পরিস্থিতি শান্ত থাকায় লোকজন এদিকে এলে এটি দেখতে পায়।
এ বিষয়ে ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, অবিস্ফোরিত মর্টার শেলটি বিজিবি উদ্ধার করেছে বলে শুনেছি।
বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তামো. শরীফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার একটি মর্টার শেলটি উদ্ধার করেছে বিজিবি। এদিন সীমান্তে কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি বলে জানিয়েছে এলাকাবাসী।