খাল খননের সময় মর্টার শেলের অংশ উদ্ধার, এলাকায় সতর্কতা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে খাল খননের সময় মাটির নিচ থেকে মর্টার শেলের একটি অংশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গানগর গ্রামের কৃষক সহিদ মিয়া খাল খননের কাজ করার সময় মাটির নিচে একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি দেখতে বোমা, লঞ্চার বা মাইনের অংশের মতো হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পরে বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানানো হলে মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন।

সন্দেহজনক বস্তুটি যেখানে পাওয়া গেছে, সেই স্থানটি চিহ্নিত করে ঘিরে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি সিলেটের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে অবহিত করা হয়েছে এবং তাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এরই মধ্যে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে।

মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু বলেন, সোমবার সকালে স্থানীয় একজন ব্যক্তি ড্রেন খননের সময় মাটির নিচে একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। পরে গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা সেটি দেখে মর্টার শেলের অংশ বলে ধারণা করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে বস্তুটি পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত