ফের হৃদরোগ হাসপাতালের পরিচালক ডা. মীর জামাল

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনকে ১ বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে জন প্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত ১৮ জানুয়ারি ডা. মীর জামাল উদ্দিনের প্রথম দফা ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগের শেষ কর্ম দিবস ছিল। ২০১৯ সালে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের দায়িত্ব দেওয়া হয় তাকে। তিনি দেশে ইন্টারভেশনাল কার্ডিওলজি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পথিকৃৎ। 

অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন ১৯৮৫ সালে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং ১৯৮৯ সালে অষ্টম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৭ সালে এমডি কার্ডিওলজি কোর্স সম্পন্ন করেন এবং ২০১৩ সালে অধ্যাপক (কার্ডিওলজি) পদে পদোন্নতি পান।

অধ্যাপক মীর জামাল উদ্দিনের নেতৃত্বে চিকিৎসা গবেষণা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে সরকার বঙ্গবন্ধু জনপ্রশাসন ২০২৩ পদক প্রদান করেছেন।

পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি দেশের সরকারি পর্যায়ের হৃদ্‌রোগের স্বয়ংসম্পূর্ণ একমাত্র হাসপাতাল জাতীয় হৃদরোগ হাসপাতালের আগত রোগীদের চিকিৎসা সেবা সুনিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এই বিশেষজ্ঞ চিকিৎসক হৃদ্‌রোগ চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশ সোসাইটি অব  কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের মহাসচিব ও বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।