ভৈরবে র‌্যাবের হাতে ধরা ৫ পরিবহন চাঁদাবাজ

ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব দুর্জয়মোড় থেকে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা উঠানোর সময় পাঁচ চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুপুরে আদালতে সোপর্দ করার জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কমান্ডিং অফিসার লে. মো. ফাহিম ফয়সাল।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক টিম ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয়মোড়ে অভিযান চালায়। এ সময় বিভিন্ন যানবাহন আটক করে চাঁদা আদায় করার সময় এই পাঁচ চাঁদাবাজকে আটক করা হয়।

আটককৃতরা হলো ভৈরব শহরের জগন্নাথপুর দক্ষিণ পাড়া এলাকার বিল্লাল মিয়ার ছেলে আল আদিন (৪০), কমলপুর বাসস্ট্যান্ড এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে রাসেল মিয়া (২৬), জগন্নাথপুর-লক্ষ্মীপুর এলাকার মৃত হুমায়ুন কবিরের ছেলে রোমান মিয়া, বাঘাইকান্দি এলাকার মৃত চুন্নু মিয়ার ছেলে পারভেজ মিয়া (২৬) ও ইলিয়াস মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৩)।

এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট ও ৪২০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিবহণ চাঁদাবাজ হিসেবে স্বীকার এবং দীর্ঘদিন যাবত তারা এই কাজের সাথে জড়িত থাকার কথা জানিয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। পরিবহন সেক্টরের চাঁদাবাজি বন্ধে ভৈরবে এমন অভিযান এখন থেকে নিয়মিত চলবেও বলেও জানিয়েছেন তিনি।