ভৈরবে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদ

আপডেট : ১৯ মে ২০২৬, ১২:৫৯ এএম

কিশোরগঞ্জের ভৈরবে শরীয়তপুর সদর হাসপাতালে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। এ উপলক্ষে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ), ভৈরব। ওই কর্মসূচিতে এ প্রতিবাদ জানানো হয়।

সোমবার (১৮ মে) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিপিএইচসিডিএ এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারি ও পরিচালকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকদের ওপর বারবার হামলার ঘটনা উদ্বেগজনক। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে চিকিৎসক সুরক্ষা আইন কার্যকর করতে হবে। সারাদেশে সরকারি বেসরকারি চিকিৎসালয়ে চিকিৎসকদের কর্ম পরিবেশ নিরাপদ করতে হবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর, মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. রাইনা মাসনুন, মেডিকেল অফিসার (৪৮তম বিসিএস) ডা: তানিয়া, আবেদিন হাসপাতাল (প্রা:) আবাসিক মেডিকেল অফিসার ডা: আজহারুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক ডা: মিজানুর রহমান কবির, সাংগঠনিক সম্পাদক হানিফুর রহমান সুমন, সহ-সভাপতি লায়ন কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস প্রমুখ।

এ সময় বক্তারা আরও বলেন, কোনো চিকিৎসক তাঁর রোগীকে ইচ্ছে করে মৃত্যুর মুখে ঠেলে দেন না। তিনি তাঁর চিকিৎসা বিদ্যা জ্ঞানের সবটুকু দিয়ে চেষ্টা করেন। অনেক সময় রোগীর অবস্থার উপর তার সুস্থ্য হওয়া নির্ভর করে। কিন্তু দু:খের বিষয়, রোগীর স্বজনরা সেটি বিবেচনায় না নিয়ে চিকৎসকদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা করে। হাসপাতাল ভাংচুর করে।

শরীয়তপুরে ডা. নাসির ইসলামের উপরও তেমনি এক মর্মান্তিক হামলার ঘটনা ঘটানো হয়েছে। মব তৈরি করে তাঁর উপর হামলা চালিয়ে নির্মমভাবে আহত করা হয়েছে। তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা তাঁর উপর হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমন ঘটনার পুনরাবৃত্তি যেনো না ঘটে, সরকারের কাছে সেই নিশ্চিয়তা চাই। মানুষের জীবন রক্ষার দায়িত্ব নিয়ে আমরা নিজেদের জীবনকে আর ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। পরে সেখান থেকে একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম,মামুনুর রশীদের সাথে সাক্ষাৎ করে একটি কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত