মিয়ানমারের কারেন্নি রাজ্যে নারী ও শিশুসহ অন্তত ছয়জনকে হত্যা করেছে জান্তা সেনারা। নিহতদের মধ্যে তিনজন নারী। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন। অপর দুজন প্রতিবন্ধী। চলতি সপ্তাহের শুরুর দিকে রাজ্যের শ্যাডাও শহরে জান্তা সেনারা তাদের হত্যা করে।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) রাজ্যের স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী কারেন্নি আর্মির (কেএ) বরাতে এ তথ্য জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতী। সংবাদমাধ্যমটি জানায়, গত রবিবার জান্তার ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ২৪৯-এর সেনারা শ্যাডাও শহরে প্রবেশ করে। এ সময় সেখানে অভিযান চালিয়ে তিন নারী, তিন শিশু ও এক পুরুষকে গ্রেপ্তার করে তারা।
কেএ জানিয়েছে, গ্রেপ্তার হওয়ার পরদিনই পুরুষ বন্দি পালিয়ে যায়। এরপর একজন অন্তঃসত্ত্বা ও দুইজন প্রতিবন্ধী নারীকে হত্যা করা হয়। এ ছাড়াও ৩, ৫ ও ৭ বছর বয়সী তিন শিশুকেও হত্যা করে তারা। পরে ওই এলাকায় জান্তার বিরুদ্ধে কেএ এবং কারেন্নি ন্যাশনালিজিট ডিফেন্স ফোর্স যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে নিহতদের মরদেহ পাওয়া যায়।
স্থানীয় গণমাধ্যম কান্তরাবতি টাইমসের বরাতে ইরাবতী জানিয়েছে, একজন সাংবাদিক শহরটিতে মরদেহের স্তূপের মাঝে এক শিশুকে শ্বাস নিতে দেখেছেন। কিন্তু উদ্ধারকারীরা শিশুটিকে বাঁচাতে পারেননি। শিশুটির পিঠে বুলেটের ক্ষত ছিল।
মিয়ানমারের মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জান্তার হামলায় অন্তত ২০ জন শিশু নিহত হয়েছে। এছাড়াও ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে জান্তারা দেশটিতে অন্তত ৫৭৮ জন শিশুকে হত্যা করেছে। একই সময়ে জান্তার হাতে নিহত হয়েছে ৭৫৪ জন নারী।