রিয়াদের কিংডম অ্যারেনায় সিজন কাপের ফাইনালে আল হিলালের মুখোমুখি হয়েছিল আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ম্যাচটা চোট কাটিয়ে মাঠে ফেরার। তার ফেরাটা সুখের হয়নি। হিলাল ২-০ গোলে হারিয়ছে আল নাসরকে। ম্যাচের এক পর্যায়ে আল হিলালের সমর্থকরা মেসি মেসি স্লোগান দেন।
১ ফেব্রুয়ারি মেসির ইন্টার মায়ামির বিপক্ষে আল নাসর ৬-০ গোলে জিতলেও চোটের কারণে সেই ম্যাচে ছিলেন না রোনালদো। আল হিলালও জিতেছিল মায়ামির সঙ্গে। সেই ম্যাচে হিলাল সমর্থকরা মেসির বিরুদ্ধে থাকলেও কাল তার পক্ষ নিয়েই রোনালদোকে খোঁচা দিলেন।
রোনালদো পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন। কিন্তু গোল করা কিংবা তেমন সুযোগও তৈরি করতে পারেননি। তিনবার ছিলেন অফসাইডে। ম্যাচের ৫৩ মিনিটে মেজাজ হারিয়ে দেখেছেন হলুদ কার্ড। রেফালি আল হিলালকে ফ্রি-কিক দিলে বলে লাথি মারেন রোনালদো।
মেসির স্লোগান শুনে রোনালদো দর্শকদের প্রতি পাল্টা জবাবে বলেছেন, 'আমি ক্রিস্টিয়ানো, মেসি নই।' ম্যাচ শেষেও মেজাজ হারিয়েছেন রোনালদো। এর আগে গেল ৩০ ডিসেম্বর আল নাসরের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন রোনালদো।
ম্যাচে আল হিলালের হয়ে গোল করেন সেরগেজ মিলিনকোভিচ-সাভিচ ও সালেম আল-দাওসারি।
ম্যাচ শুরুর আগে কিংডম অ্যারেনায় দেখা গেছে পেশাদার রেসলিংয়ে সর্বকালের সেরাদের একজন মার্ক উইলিয়াম ক্যালাওয়েকে। নামটা চিনতে পারছে নাতো। তিনি পেশাদার রেসলিংয়ে 'দ্য আন্ডারটেকার' নামে পরিচিত।