ডেভিড ওয়ার্নার আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসর নেবেন। তার আগে আজ হোবার্টে অস্ট্রেলিয়ার হয়ে নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচে খেললেন ৭০ রানের ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস হেরে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ৭ উইকেটে ২১৩ রান। ওয়ার্নার ফিফটি পূরণ করেন মাত্র ২২ বলে। ওয়ার্নারের ৩৬ বলে ৭০ রানের ইনিংসে চার ১২টি, ছক্কা একটি।
এদিন ওয়ার্নারের সঙ্গে ওপেনিং করেন জস ইংলিশ। এই প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে অজিদের হয়ে একসঙ্গে ওপেন করলেন তারা। জুটিতে তারা তোলেন ৯৩ রান। ইংলিশ ২৫ বলে ৩৯ রান করেন। শেষ দিকে টিম ডেভিড ১৭ বলে করেন অপরাজিত ৩৭ রান।
টেস্ট ও ওয়ানডে ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছেন ওয়ার্নার। বিশ্বকাপের পর অবসর নেবেন টি-টোয়েন্টি থেকেও। আগামী জুনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। তার আগে ঘরের মাঠে এটিই অস্ট্রেলিয়ার শেষ টি-টোয়েন্টি সিরিজ। তাই ঘরের মাঠে ওয়ার্নারের শেষ সিরিজ এটি।