ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে ৪৩৬ আসনের এয়ারবাস

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে বৃহদাকার এয়ারক্রাফট ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ১০ মিনিটে এয়ারবাসটি চীনের গুয়াংজু থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় ওয়াটার ক্যানন স্যালুট প্রদানের মাধ্যমে এয়ারবাসটিকে অভ্যর্থনা জানানো হয়। আনুষ্ঠানিকভাবে নতুন সংযোজিত এয়ারক্রাফটকে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।

এয়ারবাসটি নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যত পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামসহ লন্ডন, রোম রুটে পরিচালিত হবে। বর্তমানে দুবাই, শারজাহ, মাস্কাট দোহা, কুয়ালালামপুর রুটে পরিচালিত হবে।

ইউএস-বাংলার বহরে ২৩তম এয়ারক্রাফট হিসেবে যুক্ত হয়েছে এয়ারবাস ৩৩০-৩০০। এর আগে শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে জর্জিয়া-সার্বিয়া হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ২২তম এয়ারক্রাফট বোয়িং ৭৩৭-৮০০।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানবহরে এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে। খুব শিগগিরই আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। 

নতুন যুক্ত হওয়া এয়ারক্রাফট দুটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এয়ারক্রাফটগুলো গ্রহণ করার সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের অগ্রযাত্রাসহ দেশের এভিয়েশনের মঙ্গলকামনা করে প্রার্থনা করা হয়।