যান্ত্রিক ত্রুটিতে ফ্লাইট বাতিল, জানাল ইউএস-বাংলা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম

যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় ঢাকা থেকে জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফ্লাইটের সব যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬১ ফ্লাইটটি ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। 

এ সময় ককপিটে ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে যান্ত্রিক ত্রুটির সংকেত পান পাইলট। পরে পাইলট ইন কমান্ড উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ের সঙ্গে চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি। সকল যাত্রীরা নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছে। 

এছাড়া কোনো ধরনের বিভ্রান্তকর সংবাদ পরিবেশন না করার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।

সব প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। পরে যাত্রীদের দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। বর্তমানে সব যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে নিরাপদে অবস্থান করছেন।

এদিকে, ফ্লাইটটির যাত্রীদের নিয়ে কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অন্য একটি উড়োজাহাজ জেদ্দার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত