ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। তাকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি (ভারতের রাষ্ট্রপতি) প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নারী ক্ষমতায়ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন, সেটির সঙ্গে সহমত পোষণ করেছেন ভারতের রাষ্ট্রপতি। আমি তাকে বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বলেছেন, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল হিসেবে কেন একজন মহিলাকে দেখতে পাই না? দেখতে চাই। তিনি (ভারতের রাষ্ট্রপতি) সেটির সঙ্গেও ঐকমত্য পোষণ করেছেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সঙ্গে ভারত সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন।
এর আগে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দিল্লিতে নতুন পার্লামেন্ট ভবনে এই সাক্ষাতে ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।