বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৭ম রাউন্ডের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে আবাহনী। আগের রাউন্ডে বসুন্ধরা কিংসকে হারিয়ে দেওয়ার পর এদিন ধাক্কা খেয়েছে মোহামেডান। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে প্রায় হারতে বসা ম্যাচ কোনোমতে ১-১ গোলে ড্র করেছে সাদা-কালোরা।
চলতি প্রিমিয়ার লিগে রহমতগঞ্জ এখনো হারেনি কোনো ম্যাচ। তাদের ৬ ম্যাচের সবকটিতেই খেলার নিষ্পত্তি হয়েছে ড্র তে। একে একে তারা রুখে দিয়েছে আবাহনী, ব্রাদার্স, চট্টগ্রাম আবাহনী, ফর্টিস, পুলিশ ও শেখ রাসেলকে। আগের রাউন্ডে বসুন্ধরা কিংসকে আসরের প্রথম হারের স্বাদ দেওয়া মোহামেডান স্বাভাবিকভাবেই ছিল ফেভারিট। সঙ্গে এ ম্যাচের জয়ে টেবিলের শীর্ষে ওঠার পাশাপাশি পয়েন্টের ব্যবধান কমিয়ে নেওয়ার সুযোগ। উল্টো সাদা-কালোরাই হোঁচট খেল।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ২৭ মিনিটে দাওদা সিসের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। প্রথমার্ধ শেষ হয় ওভাবেই। দ্বিতীয়ার্ধে গোল শোধের তীব্র চেষ্টা করেও রহমতগঞ্জের জাল খুঁজে পাচ্ছিল না মোহামেডান। ম্যাচ হেরেই বসতে গিয়েছিল তারা। ৮৬ মিনিটে গিয়ে রহমতগঞ্জের ভুলে পেনাল্টি পায় মোহামেডান। সেই সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। তার ওই গোলেই সমতা নিয়ে মাঠ ছাড়ে মতিঝিল পাড়ার ক্লাবটি।
অন্য ম্যাচে রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে দুই ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ ও ওয়াশিংটন ব্যান্ডাও এর নৈপুণ্যে আবাহনী লিমিটেড ভালোই এগিয়ে গিয়েছিল। তাদের সঙ্গে গ্রানাডার স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্টও গোল পেলেন। তবে তিন গোলে পিছিয়ে থেকে ব্রাদার্স দারুণভাবে ঘুরে দাঁড়িয়েও আবাহনীকে জয়বঞ্চিত করতে পারেনি। ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে নিয়েছে আকাশী-নীল জার্সিধারীরা। গোপীবাগের দলটিকে আবাহনী হারিয়েছে ৩-২ গোলে।
৭ মিনিটে ওয়াশিংটন বক্সে ঢুকে ফাঁকায় বাঁ পায়ে পাস দেন ফার্নান্দেজকে, এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার বল জালে জড়ান আয়েস করে। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ানো গোলের পেছনেও অবদান ফার্নান্দেজের। তার পাস থেকে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে স্কোর করেন ওয়াশিংটন।
দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে আবাহনী তিন গোলে এগিয়ে গিয়ে ব্রাদার্সকে আরও চাপে ফেলে দেয়। রিবাউন্ডে বল পেয়ে কর্নেলিয়াস স্টুয়ার্ট সহজেই জালে পাঠান বল। তিন গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে দাপট দেখানো শুরু করে ব্রাদার্স ইউনিয়ন। ৫৯ মিনিটে ব্রাদার্স প্রথম গোল শোধ দেয়। ওতাবেকের ক্রসে ইনসান হোসেন হেডে গোলকিপারকে পরাস্ত করেন। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মোস্তফা কারহাবার নিঁখুত পাসে মোহাম্মদ রাব্বী প্লেসিং শটে ব্যবধান কমিয়ে আনলেও পরাজয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাদার্স।
এক ম্যাচ বেশি খেলা মোহামেডান কিংসের সমান ১৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলেও দুইয়ে। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিনে আছে আবাহনী। আর সাত ম্যাচের সবগুলো ড্র করে ৭ পয়েন্ট নিয়ে চারে অবস্থান রহমতগঞ্জের। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ব্রাদার্স।
