দলের কারাবন্দি নেতাদের বাসায় গিয়ে পরিবারের সান্ত্বনা দিচ্ছেন কারাগারের বাইরে থাকা বিএনপির জ্যেষ্ঠ নেতারা। আজ শুক্রবার দলের মিডিয়া সেলের আহ্বায়ক কারাবন্দি জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর বাসায় গিয়ে স্বজনদের খোঁজ-খবর নেন। এ সময় তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দেশ রূপান্তরকে বলেন, ‘গত কয়েক মাস ধরে কারাগারে রয়েছে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও জহির উদ্দিন স্বপন। দুইজনই কাশিমপুর কারাগারে বন্দি। দলের আইনজীবীরা কারাবন্দি নেতাদের মুক্তির জন্য কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘জাতীয় পর্যায়ের এই দুই নেতার পরিবারের খোঁজ-খবর নিতে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জিয়া শিশু অ্যাকাডেমির মহাপরিচালক হুমায়ুন কবির।’
এর আগেও কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় গিয়েছিলেন বিএনপি নেতৃবৃন্দ।